Recent Articles
Showing posts with label Bangladesh. Show all posts
Showing posts with label Bangladesh. Show all posts

Friday, October 28, 2016

জনগণের দুঃখ-দুর্দশা সরকারকে জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Friday, October 28, 2016 - 0 Comments

জনগণের দুঃখ-দুর্দশা সরকারকে জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


জনগণের দুঃখ-দুর্দশা সরকারকে জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা: জনগণের যাবতীয় সমস্যা ও দুঃখ-দুর্দশা খুঁজে বের করে তা সরকারকে জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৮ অক্টোবর) রাতে তিনি তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভার সূচনা বক্তব্যে এ নির্দেশনা দেন। শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি প্রতিষ্ঠান। জন্মলগ্ন থেকে দলটি জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে।


আওয়ামী লীগ দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। এখন দেশের অর্থনৈতিক স্বাধীনতাও আনতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে হবে।


তিনি আওয়ামী লীগ সরকারের লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরে বলেন, আমাদের লক্ষ্য দ্রুত দেশকে উন্নত করা। এজন্য দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সেজন্য সরকারের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সকলকে সহযোগিতা করতে হবে।


শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমানের হাত ধরে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা রাষ্ট্রের কর্তৃত্ব নেয়। দীর্ঘ ২১ বছর তারা ক্ষমতায় থেকে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চেয়েছিল। যেন বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে না পারে। স্বাধীনতার নীতি-আদর্শ ধ্বংস করাই ছিল তাদের কাজ।


বঙ্গবন্ধু কন্যা বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশ সঠিক ধারায় ফিরে আসে। সরকার যে জনগণের সেবক তা উপলব্ধি করতে শুরু করে দেশের মানুষ। আমরা দেশ ও জনগণের সেবা করার ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি।



সভায় আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সভাপতিমণ্ডলীর ১৬ সদস্যের (ঘোষিত) মধ্যে ১৫ সদস্যই (সভাপতিসহ) অংশ নিয়েছেন। এরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুল মান্নান, রমেশ চন্দ্র ও পীষুষ কান্তি ভট্টাচার্য। অংশ নেননি কেবল পারিবারিক কারণে ১৫ দিনের ছুটিতে লন্ডনে যাওয়‍া সৈয়দ আশরাফুল ইসলাম।

Tuesday, October 25, 2016

কালিয়াকৈরে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে হত্যা

Tuesday, October 25, 2016 - 0 Comments

কালিয়াকৈরে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে হত্যা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচানো ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুন্নি আক্তার কুতুবদিয়া নতুনপাড়ার কাঁচামাল ব্যবসায়ী শহীদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী (জেএসসি পরীক্ষার্থী)। পরিবারের অভিযোগ প্রেম প্রস্তাবে সাড়া না দেয়ায় আরাফাত নামের এক বখাটে ঘরে ঢুকে মুন্নিকে হত্যা করেছে। ঘটনার পর থেকে ঘাতক পলাতক রয়েছে।


দুপুর ১২টার দিকে নিহতের ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


ঘাতক আরাফাত গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার চাপাইর বেপারিপাড়ার বাসিন্দা আতাউর সরকারের ছেলে। সে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় ১ বছর ধরে বিভিন্ন সময় মুন্নিকে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় কিছুদিন ধরে রাস্তায় তাকে নানাভাবে ভয়ভীতি দেখাত। মুন্নি বিষয়টি বাব-মাকে জানায়। পরে মুন্নি বাবা-মা আরাফাতের পরিবারকে এ ব্যাপারে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি বরং উল্টো তাদের হুমকি দেয়। তাদের ভয়ে পুলিশের কাছে যেতে পারেনি মুন্নির পরিবারের লোকজন।


সোমবার রাতে পাশের আব্বাসের বাড়িতে অনুষ্ঠানে যায় তার পরিবারের লোকজন। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে মুন্নির ঘরে ঢোকে আরাফাত। রাতের কোনো এক সময় আরাফাত তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।


মুন্নির মা রিমা বেগম বলেন, মঙ্গলবার ভোরে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আরাফাতকে মুন্নির ঘরের গলিতে দেখতে পাই। এ সময় বাড়ির ভেতরে কেন? জানতে চাইলে ওইপাড়া গেছিলাম বলেই আরাফাত সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ঘরে গিয়ে মুন্নির লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখেন তিনি।


নিহতের চাচাতো বোন বিথি আক্তার জানান, স্কুলে যাওয়া-আসার পথে বখাটে আরাফাত মুন্নিকে বিরক্ত করত। প্রেম প্রস্তাব দিত। কিন্তু মুন্নি তার প্রেম প্রস্তাবে সাড়া দিত না।


নিহতের বড় বোন পলি আক্তার বলেন, বখাটে আরাফাত মুন্নিকে বিরক্ত করত। মদ খেয়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করত। তার মাকে বিষয়টি জানালে তিনি বিচারের আশ্বাস দেন। পরে আরাফাত মুখে এসিড মেরে দেয়া ও আবার বিচার দিলে মেরে ফেলার হুমকি দেয়। আরাফাত ও তার বাবার ভয়ে আমরা কিছু বলার সাহস পেতাম না।



মুন্নির বড় ভাই রিপন হোসেন জানান, ‘আমরা অনেক গরিব। আর আরাফাতরা অনেক ধনী। আমার বোনের ঘরে রাতের বেলায় কৌশলে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় মাতব্বরা আমার বোনের লাশ পুলিশে দিতে নিষেধ করেছে। তারা আমাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’



নিহতের বাবা শহীদ মিয়া বলেন, আমার মেয়েকে হত্যা করার জন্য আরাফাত আগেই ঘরের ভেতরে লুকিয়ে ছিল, তা বুঝতে পারিনি। ক’দিন আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুন্নির পথ গতিরোধ করে আরাফাত। ওই সময় সে মুন্নিকে টানাহেঁচড়া করে। বিষয়টি ওর (আরাফাত) মা-বাবাকে জানালেও তারা শাসন করেনি। এতে আরাফাত আরও ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি দিয়েছিল। বলেছিল, তোর মাইয়ারে আমার (আরাফাত) কাছে বিয়া না দিলে তোরেও মাইরা ফেলামু, তোর মেয়েরেও মাইরা ফেলামু। তারা প্রভাবশালী বলেই ভয়ে থানায় যেতে পারেনি বলেও জানান তিনি।


চাপাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্তের ঘটনা আগে জানালে ব্যবস্থা নেয়া যেত। তিনি হত্যার ঘটনার সঠিক বিচার দাবি করেন।


কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে আরাফাত নামের ওই ঘাতক পলাতক রয়েছে।
(যুগান্তর) 

ঘুষ না পেয়ে পায়ে গুলি করল পুলিশ

    ঘটনাস্থল কালীগঞ্জ
       ঘুষ না পেয়ে পায়ে গুলি করল পুলিশ
 
 
ঝিনাইদহের কালীগঞ্জে গুলিতে আহত ট্রাকচালক নাসির উদ্দিন -যুগান্তর
 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ধোপাদিতে এক ট্রাকচালক পুলিশের গুলিতে আহত হয়েছেন। তিনি উপজেলার মিঠাপুকুর গ্রামের সামসুদ্দিনের ছেলে নাসির উদ্দিন। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, নাসির উদ্দিনকে আদালতের আদেশে আটকের পর উপজেলার বারোবাজার ফাঁড়ির ইনচার্জ (আইসি) এক লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবি করা টাকা দিতে ব্যর্থ হওয়ার কারণে ফাঁড়িতে তিন দিন আটকে রাখা হয় তাকে এবং পরিকল্পিতভাবে গুলির ঘটনাটি ঘটানো হয়েছে। অবশ্য সংশ্লিষ্ট কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম ও বারোবাজার পুলিশ ফাঁড়ির আইসি মো. নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তি এলাকার কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। তিনি আরও বলেন, বারোবাজারে একটি সড়কে ডাকাতি করার প্রস্তুতিকালে পুলিশের একটি টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় নাসির নামের এক ডাকাত। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশের এ দাবি অস্বীকার করেছেন গুলিবিদ্ধ নাসির। ঝিনাইদহ সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে বাজারের জাহিদের দোকানে বসা ছিলেন তিনি। এ সময় বারোবাজার পুলিশ ফাঁড়ির দারোগা নজরুল ইসলাম তাকে আটক করে নিয়ে যান। এর আগের দিন শুক্রবার তাকে আরেক দফায় ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে একই ফাঁড়ির এএসআই হিমায়েত। ওই দিন পুলিশকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে নাসির। তার দেয়া তথ্যমতে, ২০১০ সালে দায়ের করা দুটি মামলায় আদালতে নিয়মিত হাজির না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওই মামলায় পুলিশ তাকে আটক করেছে।


পায়ে গুলি করার ঘটনার বিষয়ে নাসির জানান, সোমবার রাত ২টার দিকে বারোবাজার পুলিশ ফাঁড়ি থেকে চোখ বেঁধে তাকে ঘটনাস্থল ধোপাদি বাজারের কাছে নিয়ে যাওয়া হয় এবং গাড়ি থেকে নামিয়ে তার ডান পায়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ পা থেকে প্রচুর রক্ত ঝরছে বলেও জানান তিনি।


বারোবাজার পুলিশ ফাঁড়ির আইসি নজরুল ইসলাম ফোনে বলেন, সোমবার বিকালে স্থানীয় বাজার থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। এরপর রাত ১২টার দিকে অস্ত্র উদ্ধার করার জন্য আটক নাসিরকে সঙ্গে নিয়ে ধোপাদি বাজারের কাছে যাওয়ার পর নাসিরের সহযোগী সন্ত্রাসীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টাও করে নাসির। পুলিশ গুলি চালালে তার এক পা গুলিবিদ্ধ হয়। আইসি দাবি করেন, এক লাখ টাকা ঘুষ দাবি করার কোনো প্রশ্নই আসে না। গুলিবিদ্ধের ছেলে তরিকুল ইসলাম, স্ত্রী কহিনুর ও পরিবারের সদস্যরা অবশ্য জোর দিয়ে বলেন- নাসির উদ্দিন একজন ট্রাকচালক এবং কালীগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী বলেন, প্রকৃতপক্ষে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সদর হাসপাতাল সূত্র বলছে, নাসিরের পায়ের অবস্থা গুরুতর। তার ডান পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।
(যুগান্তর)

Saturday, October 22, 2016

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

Saturday, October 22, 2016 - 0 Comments

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

আশুলিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’রাসেল দেওয়ান নামে ১৪ মামলার এক আসামি নিহত হয়েছেন।


রোববার ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল আশুলিয়ার নিরিবিলি এলাকার পিয়ার আলীর ছেলে।


আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, রাসেল দেওয়ানকে শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকায় অস্ত্র ও গুলি উদ্ধারে যায় পুলিশ। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা রাসেলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে রাসেল দেওয়ান পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন শিগগির

দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন শিগগির

দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন শিগগির চালু

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে নির্মাণাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন শিগগির চালু হতে যাচ্ছে।


এ স্টেশনের মাধ্যমে ১ হাজার, ৫০০, জিবিপিএস ব্যান্ডউইথ সুবিধাসহ নিরবচ্ছিন্ন ইন্টারনেটে সংযুক্ত হবে গোটা দেশ।


কক্সবাজারে প্রথম স্থাপিত সাবমেরিন স্টেশনের চেয়ে আট গুণ ক্ষমতাসম্পন্ন হবে পটুয়াখালীতে নির্মাণাধীন সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি।


এ প্রকল্পটি চালু হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন নেটওয়ার্ক দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ব্যান্ডউইথ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলে জানায় কর্তৃপক্ষ। তবে প্রথম প্রকল্পটির লাইফ টাইম শেষে দ্বিতীয় প্রকল্প দিয়েই পুরো দেশে ইন্টারনেট সেবা পাওয়া যাবে।


পটুয়াখালীর কুয়াকাটার মাইটভাঙ্গা এলাকায় প্রকল্পটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।


সাবমেরিন কেবল টেলিযোগাযোগ বিভাগের আঞ্চলিক প্রকল্প পরিচালক পারভেজ মনন আশরাফ জানান, বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় পাঁচ কোটি। ক্রমেই এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কক্সবাজারে একটি মাত্র সাবমেরিন কেবল ল্যান্ডিংয়ের মাধ্যমে দেশে ইন্টারনেট সরবরাহ করা হচ্ছে। কিন্তু এ সাবমেরিন স্টেশনটির কেবল লাইন কাটা পড়লে বিএসসিসিএলের কাছে নেটওয়ার্ক সরবরাহের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় গ্রাহকরা প্রায়ই দুর্ভোগের শিকার হন। ফলে পটুয়াখালীর কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সংযোগ স্থাপন করতে যাচ্ছে বিএসসিসিএল। এর ফলে দ্রুতগতির নিরবচ্ছিন্ন নেটওয়ার্কে ইন্টারনেটসহ নানা সেবা পাবেন গ্রাহকরা।


প্রকল্প পরিচালক আরো জানান, পটুয়াখালীর কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের আমখোলা গ্রামে ২০১৩ সালের শেষের দিকে ১০ একর জমির ওপর ৬৬০ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হয় বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের। প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে সাগরের নিচ দিয়ে ফ্রান্স থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ কেবল লাইনের সংযোগ স্থাপন করা হয়েছে। ইউরোপ থেকে সিঙ্গাপুর হয়ে আসা সঞ্চালন লাইন সংযুক্তির জন্য ল্যান্ডিং স্টেশন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। কুয়াকাটার স্টেশন থেকে মাত্র সাড়ে ৯ কিলোমিটার দূরত্বে উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগরে আসা লাইনটির সংযোগ স্থাপনের কাজ শেষ করেই চালু করা হবে দেশের দ্বিতীয় সাবমেরিন স্টেশনটি।


এদিকে কর্তৃপক্ষের চলতি বছরের নভেম্বরে সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনটি চালু করার সিদ্ধান্ত থাকলেও ২০১৭ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে চালু করা হবে। কারণ বর্ষা মৌসুমে কেবল সংযোগের চূড়ান্ত কাজ শুরু করার পর বৈরী আবহাওয়ার কারণে তা বন্ধ রাখা হয়। যা নভেম্বর মাসের শেষ দিকে সম্পন্ন করা হবে।


দ্বিতীয় সাবমেরিন কেবল স্টেশন চালু হলে ইন্টারনেট ব্যবহারে বর্তমানের চেয়ে গতি কয়েক গুণ বেড়ে যাবে। শুধু ইন্টারনেট নয়, এটি চালু হলে তথ্যপ্রযুক্তিতে বিশ্বের সঙ্গে দেশের একটি নিবিড় বন্ধন তৈরি হবে। পাশাপাশি টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। ল্যান্ডিং স্টেশনের সংযুক্তির মাধ্যমে ডাটার পরিধি বৃদ্ধি এবং দেশের তথ্যপ্রযুক্তির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সরবরাহ বৃদ্ধি করা হবে এবং সরকার এ খাতে অতিরিক্ত রাজস্ব আদায়ের সুযোগ পাবে

Friday, October 21, 2016

সম্মেলনে বিএনপির যোগ দেয়া নিয়ে ধোঁয়াশা

Friday, October 21, 2016 - 0 Comments

সম্মেলনে বিএনপির যোগ দেয়া নিয়ে ধোঁয়াশা
ফাইল ছবি
 
 
আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেয়া নিয়ে বিএনপিতে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে দলের একটি অংশ সম্মেলনে যাওয়ার পক্ষে মতামত তুলে ধরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে। কিন্তু শুক্রবার রাত ৮টা পর্যন্ত দলীয়প্রধানের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এমন অবস্থা হয়।

তবে শুক্রবার সকালে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারি দলের উদ্দেশে বলেন, ‘আমরা খুশি হয়েছি আমাদের দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করে নাই। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাআল্লাহ। আমরা যাব।


আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।


তবে দলীয় সূত্রে জানা গেছে, তাদের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অথবা যুগ্ম মহাসচিবের নেতৃত্বে শেষ পর্যন্ত একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সম্মেলনে অংশ নিতে পারে।

‘বিয়ের প্রলোভনে ধর্ষণে’ মামলা

‘বিয়ের প্রলোভনে ধর্ষণে’ মামলা



হুমকি পেয়ে বিশ্ববিদ‌্যালয়ে ফিরেই ‘খুন’ লিপু, সন্দেহে ‘পরীক্ষা জালিয়াত চক্র’

হুমকি পেয়ে বিশ্ববিদ‌্যালয়ে ফিরেই ‘খুন’ লিপু, সন্দেহে ‘পরীক্ষা জালিয়াত চক্র’


 

 

।”

স্বপ্ন পূরণের দল গোছাতে সম্মেলনে আওয়ামী লীগ

স্বপ্ন পূরণের দল গোছাতে সম্মেলনে আওয়ামী লীগ


Thursday, October 20, 2016

ভণ্ডপীরের কারাদণ্ড

Thursday, October 20, 2016 - 0 Comments

ভণ্ডপীরের কারাদণ্ড

সুনামগঞ্জের ছাতকে লালসালু খ্যাত এক 'ভণ্ডপীর' খতিবুর রহমানকে (৫৬) কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
 
গাঁজা সেবন, নারী-পুরুষদের ফুসলিয়ে মুরিদ করাসহ নানা অভিযোগে বুধবার রাতে  ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান ওই 'ভণ্ডপীরের' ৯ মাসের কারাদণ্ডে রায় দেন।
 
 
খতিবুর রহমান উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মণিপুরী পল্লীখ্যাত ধ্বণি টিলার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লালসালু পরিহিত ভণ্ডপীর খতিবুর রহমান দীর্ঘ দিন ধরেই ধ্বণি টিলায় নির্জনস্থানে আস্থানা গড়ে মদ, গাঁজা ও হেরোইন সেবনসহ সহযোগীদের নিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। খবর পেয়ে গাঁজাসহ বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মো. আশেক সুজা মামুন বলেন, বৃহস্পতিবার দুপুরের পর খতিবুরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা
মুন্সিগঞ্জ সদর উপজেলায় স্ত্রী মিতু বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে স্বামী মিন্টু (৩৯)।


শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার মিরকাদিম পৌরসভার নৈদীঘিপাথর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে মিন্টু স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। মিতুর আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

পরে গুরুতর আহত মিতুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে মিন্টু পলাতক। এই দম্পতির দু'টি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. প্রণয় মান্না দাস জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সদর থানার ওসি ইউনুচ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মিন্টুকে ধরার চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

জামায়াতের নতুন আমীর মকবুল আহমাদের 'যুদ্ধাপরাধ' অনুসন্ধান

জামায়াতের নতুন আমীর মকবুল আহমাদের 'যুদ্ধাপরাধ' অনুসন্ধান

 
মকবুল আহমাদ
বাংলাদেশে জামায়াতের ইসলামের আমীর হিসাবে শপথ নেওয়ার চারদিনের মাথায় মকবুল আহমাদের "যুদ্ধাপরাধ" অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অনলাইনে প্রকাশিত খবরের সূত্রে এই অনুসন্ধান।
ছয় বছর ভারপ্রাপ্ত আমীর হিসাবে দায়িত্ব পালন করার পর সোমবার দলের পূর্ণকালীন নেতা হিসাবে শপথ নেন মকবুল আহমাদ।
পরদিনই দু একটি অনলাইন সংবাদমাধ্যমে খবর বের হয়, মকবুল আহমাদ ১৯৭১ সালে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে মানবতা-বিরোধী অপরাধে যুক্ত ছিলেন।




ঐ সংবাদের সূত্র ধরেই এখন মি আহমাদের সেই কথিত যুদ্ধাপরাধ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রদান আব্দুল হান্নান খান বিবিসি বাংলার কাদির কল্লোলকে জানিয়েছেন, একটি অনলাইন খবরে মি আহমাদের বিরুদ্ধে দুটো সুনির্দিষ্ট অপরাধের ঘটনা উল্লেখ করা হয়েছে এবং তার সত্যতা তারা অনুসন্ধান করবেন।
মি খান জানান, অনুসন্ধানের জন্য গতকাল (বুধবার) একজন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
 
হাইকোর্ট। এই চত্বরেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে। 
 
 
 
 
'সে রাজাকার ছিলো'
"অনুসন্ধানে অভিযোগের সত্যতা বেরিয়ে আসে, যদি যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তখন মামলা করে তদন্ত করা হবে।'
তবে একইসাথে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান বলেন, "সে (মকবুল আহমাদ) যে রাজাকার ছিল, সেটা ঐ এলাকার তালিকায় রয়েছে। এটা ঠিক।"




ছয় বছর ভারপ্রাপ্ত আমীর থাকলেও এখন কেন মকুবল আহমাদের বিরুদ্ধে এই অনুসন্ধান ? বিবিসির এই প্রশ্নে আব্দুল হান্নান খান বলেন, "এতদিন আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য উপাত্ত ছিলনা। এখন অন্তত দুটো সুনির্দিষ্ট ঘটনার অভিযোগ করা হচ্ছে।"
তিনি বলেন, আইনে তাদের এ ধরণের অনুসন্ধান করার অধিকার দেওয়া হয়েছে। "কারো মুখে কিছু শুনলেও আমরা তদন্ত করতে পারি।"
 
জামায়াতে ইসলামী 
 
 
 
 
 
জামায়াতের ক্ষোভ
মকবুল আহমাদের "যুদ্ধাপরাধ" অনুসন্ধানের এই উদ্যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
দলের ওয়েব সাইটে এক বিবৃতিতে বলা হয়েছে - ছয় বছর ধরে ভারপ্রাপ্ত আমীর থাকাকালে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিলনা। এখন শপথ নেওয়ার পরপরই এই অভিযোগ।
জামায়াত বলছে, দলের বিরুদ্ধে সরকারের "ষড়যন্ত্রের" অংশ হিসাবে এই অনুসন্ধান।

Tuesday, October 18, 2016

জামায়াতকে কীভাবে চালাবেন নতুন আমীর মকবুল আহমাদ ?

Tuesday, October 18, 2016 - 0 Comments

জামায়াতকে কীভাবে চালাবেন নতুন আমীর মকবুল আহমাদ ?

 

জামায়াতে ইসলামীর নতুন আমীর মকবুল আহমাদ
জামায়াতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট অনেকেই বেশ কিছুদিন ধরেই আঁচ করছিলেন যে মকবুল আহমাদ দলটির আমীর নির্বাচিত হতে যাচ্ছেন।
দলটি দাবী করছে, গোপন ভোটের মাধ্যমে মি: আহমাদ আমীর নির্বাচিত হয়েছেন। নতুন আমীর হিসেবে মি: আহমাদের শপথ গ্রহণের বিষয়টি জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে দিয়ে দেয়া হয়। তিনি গত ছয় বছর ধরে ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মানবতা-বিরোধী অপরাধের বিচারের মামলায় জামায়াতে ইসলামীর অধিকাংশ শীর্ষ নেতার অনেকের ফাঁসি হয়েছে, কেউ কারাগারে আছেন আর কেউ কারাগারে মারা গেছেন।
বিশ্লেষকরা মনে করেন, দল টিকিয়ে রাখার প্রয়োজনে নতুন নেতৃত্ব জামায়াতের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল।
কিন্তু যেদিকে সবার দৃষ্টি ছিল তা হচ্ছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃত্ব যে 'কলঙ্কজনক' ভূমিকা রেখেছিল, সেখান থেকে নতুন নেতৃত্ব বেরিয়ে আসার চেষ্টা করবে কিনা। দলের রাজনৈতিক কৌশলে কোন পরিবর্তন আসবে কিনা?
বাংলাদেশের জামায়াতে ইসলামীর রাজনীতির ঘনিষ্ঠ পর্যবেক্ষক শাহ আব্দুল হান্নান বলেন, জামায়াতে ইসলামীর নতুন আমীরের বিবৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সেটি দেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে প্রতিনিধিত্ব করে।
জামায়াতে ইসলামীর আমীর তার বিবৃতির শুরুতেই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে কথা স্মরণ করেন।

শাহ আব্দুল হান্নান বলেন, " তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছেন, সবাইকে সম্মান জানিয়েছেন। এবং তারা যে ৭১-এ রাইট (সঠিক) কাজ করেছেন একথা কোথাও বলেন নাই। তারা শুধু বলেছেন বিচার ওনাদের মতে সঠিক হয় নাই। "
কে এই মকবুল আহমাদ?
৭৪বছর বয়সী মকবুল আহমাদের বাড়ি ফেনী জেলায়। এক সময় তিনি স্কুলে শিক্ষকতা করেছেন। এরপর তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন। শাহ আব্দুল হান্নানের বর্ণনায় মি: আহমাদ একজন 'ক্লিন মানুষ'।
গত ছয় বছরে জামায়াতের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হলেও মকবুল আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কোন অভিযোগ আসেনি। জামায়াতে ইসলামীর সাথে ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন, দলটি এমন একজন ব্যক্তিকে নেতা নির্বাচিত করতে চাইছে যিনি মুক্তিযুদ্ধের সময় 'বিতর্কিত ভূমিকা' রাখেননি।
যদিও মি: আহমাদ আমীর নির্বাচিত হবার পর একটি অনলাইন পোর্টালে ফেনীর কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে অভিযোগ তোলা হয় যে ১৯৭১ সালে তিনি রাজাকার ছিলেন। জামায়াতে ইসলামী এর প্রতিবাদ জানিয়েছে।
দলটি এক বিবৃতিতে বলেছে, "স্বাধীন বাংলাদেশে ৭১-এর হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে এ পর্যন্ত পানি অনেক দূর গড়ালেও হত্যাকাণ্ডসহ স্বচ্ছ ও ক্লিন ইমেজের অধিকারী জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে কোথাও কেউ সামান্য কোন অভিযোগ পর্যন্ত দায়ের করেনি।"
কিন্তু নেতৃত্বের পরিবর্তন হলেও দল হিসেবে জামায়াতে ইসলামী ১৯৭১ সালের ভূমিকার জন্য কতটা অনুতপ্ত হবে কিংবা তাদের সে মনোভাব কাটিয়ে উঠতে পারবে তা নিয়ে অনেকের সংশয় আছে।
 
ড আসিফ নজরুল
'এই পরিবর্তন চাপে পড়ে'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল মনে করেন দেশের বর্তমান প্রেক্ষাপটে চাপে পড়ে কিংবা বাধ্য হয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিবর্তন এসেছে।
অধ্যাপক নজরুল বলেন, "যদি স্বতঃস্ফূর্তভাবে চেঞ্জ (পরিবর্তন) না হয়, তাহলে তাদের বিশ্বাসে কতটা পরিবর্তন হয়েছে আর কতটা কৌশলগত কারণে হয়েছে, সেটা বলা মুশকিল।"
তিনি মনে করেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃত্ব যা করেছে সে 'দায় বা কলঙ্ক' থেকে বর্তমান নেতৃত্ব যদি মুক্তি পেতে চায় তাহলে নতুন নেতৃত্ব তাদের সামনে বড় সুযোগ এনে দিতে পারে।
অধ্যাপক নজরুল বলেন, " যেহেতু যারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, তাদের সকলেরই নেতৃত্ব থেকে অপসারিত হয়েছে বা বাধ্য হয়েছে, সেজন্য তারা যদি মনে করে তারা নতুন যাত্রা শুরু করতে চায় - এটা তাদের জন্য একটা বিরাট সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ তারা ব্যবহার করবে কিনা সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারিনা।"
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, ধর্ষণ এবং বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করতে জামায়াতে ইসলামী পাকিস্তানী বাহিনীকে যে সহায়তা করেছে সেটি নিয়ে তাদের কোন অনুশোচনা নেই বলে অনেক বিশ্লেষক মনে করেন।
অধ্যাপক নজরুল বলেন, " জামায়াত যদি সত্যিকার অর্থে দৃষ্টিগ্রাহ্য, গ্রহণযোগ্য কোন পরিবর্তন চায় তাহলে জামায়াতকে খুবই ফ্র্যাঙ্কলি (খোলামেলাভাবে) যুদ্ধাপরাধের ভূমিকা নিয়ে জাতীর কাছে ক্ষমা চাইতে হবে। এটার কোন বিকল্প নাই।"
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃত্ব যে কলঙ্কজনক ভূমিকা রেখেছে সেখান থেকে বর্তমান প্রজন্ম মুক্তি পেতে চায় কিনা তা দেখার জন্য আরো অপেক্ষা করতে হবে। কিন্তু একটি বিষয় পরিষ্কার যে জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্ব তাদের রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনবে। দলের সাংগঠনিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই কৌশল পরিবর্তন করা জরুরী বলে অনেকে মনে করেন।
 
জামায়াতে ইসলামী বাংলাদেশে নতুন নেতৃত্ব
নীরব গণসংযোগের রাজনীতি
জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্বের অনেককেই বেশ ভালো করেই জানেন এবং চেনেন শাহ আব্দুল হান্নান। তিনি মনে করেন মাঠের রাজনীতিতে বর্তমান নেতৃত্ব খুব বেশি সক্রিয় হবেনা। জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্ব 'নীরব গণসংযোগের' দিকে বেশি মনোযোগ দেবেন বলে ধারণা করছেন মি: হান্নান।
তিনি বলেন, " ওনাদের রাজনীতি ১০-১৫ পার্সেন্ট থাকবে। ওনারা মেইনলি জনগণের মধ্যে ইসলামের যে লিটারেচার - অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে বা রাজনীতির ক্ষেত্রে - সেগুলো পৌঁছানোর চেষ্টা করবেন। বেশি করে মিটিং, মিছিলে নারা যাবেন না।"

মতপ্রকাশের স্বাধীনতা এনজিও'র জন্য নয়: সুরঞ্জিত

মতপ্রকাশের স্বাধীনতা এনজিও'র জন্য নয়: সুরঞ্জিত
'বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী' বক্তব্যের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা-এনজিও'র নিবন্ধন বাতিলের বিধান রেখে পাস হওয়া আইনের বিরোধিতার সমালোচনা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেছেন, 'গণমাধ্যমের যে অধিকার আছে, এনজিওর সেটা নেই। ফ্রিডম অব এক্সপ্রেশন নাগরিকের জন্য। এনজিও এখানে অনেক ইনফেরিয়র। তাদের আইন মেনেই চলতে হবে।'

গত ৫ অক্টোবর সংসদে বিলটি পাসের পর এনজিওগুলোসহ তাদের অর্থায়নকারী বিভিন্ন দেশের অব্যাহত সমালোচনার মুখে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।

গত বছর সংসদকে নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের এক বক্তব্যে তীব্র অসন্তোষ জানানোর পর প্রক্রিয়াধীন ওই আইনে 'বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী' বক্তব্যের জন্য নিবন্ধন বাতিলের ওই ধারাটি যুক্ত করেছিল সুরঞ্জিতের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি।

ওই ধারাটিসহ আইনটি (বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৬) গত ৫ অক্টোবর সংসদে পাস হয়।

নতুন আইনে বলা হয়েছে, 'কোনো এনজিও বা ব্যক্তি এই আইনের কোনো বিধান লংঘন করলে এবং সংবিধান ও সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে বিদ্বেষমূলক বা অশালীন মন্তব্য করলে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অমান্য করলে যে কোনো সময় নিবন্ধন বাতিল বা স্থগিত করা যাবে। এনজিও-তে বিদেশী উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড় নিতে হবে।'

আইনটি পাস হওয়ার পর কড়া সমালোচনার জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 'একটা সার্বভৌম সংসদকে তো কোনো ফরেন বডি গালি দিতে পারে না। তাহলে সার্বভৌমত্ব থাকে না। পৃথিবীর কোথাও এটা নেই। কাজ করতে হলে এ আইনের অধীনে করতে হবে।'

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'এনজিও সাধারণ আইনের দ্বারা জন্ম নিয়েছে। কিন্তু গণমাধ্যমকে সংবিধানের অধীনে একটা আইনের মাধ্যমে স্বাধীনতা দেয়া হয়েছে। তোমরা (গণমাধ্যম) বলতে পার। তোমাদের মানবাধিকারের প্রটেকশন আছে। কোনো ফরেন বডির তো সেটা নেই।'

প্রবীণ এই আইন প্রণেতা বলেন, 'একজন নাগরিক মতপ্রকাশ করে অনেক কথা বলবে, সেটা তার অধিকার। এনজিও আইনের অধীনে কাজ করবে, এটাই দুনিয়া জোড়া রীতি।'

এনজিওগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, 'যদি বিরোধী দলের মতো কথা বলতেই হয় তাহলে অপজিশনে যাও।'

এসময় প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, 'কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকাসহ নানা জায়গায় আমার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবেশিত কিছু তথ্য আমার দৃষ্টিগোচর হয়েছে।'

তিনি বলেন, 'এর মধ্যে কেউ কেউ আমার প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন আবার কোনোটিতে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য আছে বলে আমার মনে হয়েছে।'

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 'এসব জায়গায় তথ্য পরিবেশিত হয়েছে যে, আমি নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি। এমনকি আমি কবে কোন তারিখে মৃত্যুবরণ করব, তাও ঘোষণা করা হয়েছে।'

'মায়েলোডিস প্লাস্টিক সিনড্রোমে' ভুগছেন জানিয়ে তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে এমজিএ হাসপাতালের চিকিৎসকের অধীনে চিকিৎসারত। রক্তে লোহিত কণিকার পরিমাণ কম হওয়ায় বোন ম্যারো পরীক্ষার জন্য নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে যাব। এটা ক্যান্সারে টার্ন নেয়ার কোনো আশংকা নেই।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, 'রোগ-শোকে মানুষ এবং এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সেটা নিয়ে কেউ বিশেষ মতলববাজি করবে সেটা কাম্য হতে পারে না।'

৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি

মোবাইল অপারেটরদের সঙ্গে আইনি লড়াইয়ে এনবিআর
৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি!
*গ্রামীণফোনের কাছেই রাজস্ব দাবি ২ হাজার কোটি টাকার বেশি *কোম্পানিগুলোর বিরুদ্ধে আয়ের তথ্য গোপন, যন্ত্রপাতি আমদানি বা অবচয়ের মিথ্যা তথ্য প্রদান ও সিম পরিবর্তনের নামে কর ফাঁকির অভিযোগ *আপিলের সুযোগে রাজস্ব পরিশোধ ঝুলে আছে বছরের পর বছর

৫ হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি!
বাংলাদেশে মোবাইল ফোন সেবাদানকারী কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে ব্যবসা করলেও বড় অঙ্কের রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য মুনাফা করা সত্ত্বেও কেউ কেউ বছরের পর বছর লোকসান দেখিয়ে যাচ্ছে। লোকসান দেখানোর জন্য বেশকিছু কৌশলও খাটানো হয়। অপারেটরগুলো বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানির নামেও অস্বাভাবিক বাড়তি খরচ দেখাচ্ছে। প্রকৃত আয়ের তথ্য গোপন করা হয়। আবার অবচয়ের হিসাবেও ভুল তথ্য দিয়ে থাকে। গত কয়েক বছর ধরে এ ধরনের বেশকিছু ফাঁকি উদ্ঘাটন করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। কোম্পানিগুলোর কাছে এনবিআর এসব রাজস্ব দাবি করলেও এনবিআরের আপিল ট্রাইব্যুনাল বা উচ্চ আদালতে আপিলের সুযোগ নিয়ে বছরের পর বছর এসব অর্থ পরিশোধের বিষয়টি ঝুলিয়ে রাখে। ফলে সরকার সঠিক সময়ে কাঙ্ক্ষিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এনবিআর এ পর্যন্ত সব মিলিয়ে মোবাইল কোম্পানিগুলোর কাছে প্রায় ৫ হাজার কোটি টাকা পরিশোধের দাবিনামা জারি করেছে। এর মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেলের বিরুদ্ধে সিম পরিবর্তনের নামে নতুন সিম বিক্রির মাধ্যমে ভ্যাট ফাঁকির অভিযোগ (বর্তমানে আপিলাত ট্রাইব্যুনালে বিচারাধীন) রয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকার। এর মধ্যে এককভাবে গ্রামীণফোনেরই এক হাজার দুশ কোটি টাকার বেশি। এ ছাড়া গ্রামীণফোনের সিম বিক্রিকালে আদায়কৃত অর্থ খরচ হিসেবে বলা হলেও তা অনুমোদন দেয়নি বৃহত্ করদাতা ইউনিট বা এলটিইউ। এলটিইউ মনে করছে, এটি গ্রামীণফোনের প্রাপ্তি। সে হিসেবে ওই অর্থ আয়করযোগ্য। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত তাদের কাছে এ বাবদ ৯শ কোটি টাকা দাবি করা হয়েছে। এ দাবির বিরুদ্ধেও আপিল করেছে গ্রামীণফোন।

আবার একাধিক মোবাইল ফোন কোম্পানির প্রদর্শিত আয় নিয়েও প্রশ্ন তুলেছে এনবিআর। একটি মোবাইল ফোন অপারেটর যে আয় দেখিয়েছে, এনবিআরের প্রাক্কলন অনুযায়ী আয় হয়েছে তার চাইতে বেশি। সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে এ প্রক্রিয়ায় কর ফাঁকির অভিযোগ এনে এনবিআর প্রায় এক হাজার কোটি টাকা দাবি করেছে। এ ছাড়া কারো কারো ক্ষেত্রে যন্ত্রপাতি আমদানি কিংবা অবচয় হিসেবে দেখানো খরচের তথ্যও সঠিক নয় বলে মনে করা হচ্ছে। এনবিআর মনে করছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্যই বাড়তি খরচ কিংবা অবচয়ের ভুল তথ্য দেওয়া হয়েছে। এ ধরনের ছোট-বড় বিভিন্ন অঙ্কের খচরের হিসাব অনুমোদন না দিয়ে তার ওপর প্রযোজ্য রাজস্ব পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এনবিআরের দাবিকৃত রাজস্বের পরিমাণ প্রায় ৫ হাজার কোটি টাকা বলে জানা গেছে। অন্যদিকে আরো কিছু ক্ষেত্রে কর ফাঁকি দেওয়া হয়েছে বলে এনবিআর মনে করছে। এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে ওই করও পরিশোধের দাবি করা হবে। এ দাবিনামাও হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে এনবিআর মনে করছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনবিআরের দাবি করা যে কোনো রাজস্ব কিংবা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে করদাতার। সেই সুযোগ নিয়ে মোবাইল ফোন কোম্পানিগুলো আপিল করছে। বিশাল অঙ্কের রাজস্ব বছরের পর বছর ঝুলে রয়েছে। এর ফলে একদিকে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে যেমন বঞ্চিত হচ্ছে, অন্যদিকে রাজস্ব সংক্রান্ত মামলার সংখ্যাও দিন দিন বাড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, দেশে বছরের পর বছর ধরে ব্যবসা করে এলেও একটি কোমপানি বাদে বাকি মোবাইল ফোন কোম্পানিগুলো এখনো লোকসান দেখাচ্ছে। কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে কৌশলে কাজটি করা হচ্ছে। কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় লোকবল এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতির কারণেও মোবাইল ফোন অপারেটরগুলোর সব ধরনের ফাঁকি উদ্ঘাটন করা যাচ্ছে না।

সিম রিপ্লেসমেন্টের নামে কর ফাঁকি

সিম রিপ্লেসমেন্টের নামে ফাঁকি দেওয়া (এনবিআরের দাবি অনুযায়ী) আড়াই হাজার কোটি টাকার ইস্যুটি হাইকোর্ট ঘুরে বর্তমানে এনবিআরের আপিলাত ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অভিযুক্ত চারটি কোম্পানি দাবিকৃত ভ্যাটের ১০ শতাংশ বা প্রায় আড়াইশ কোটি টাকা অর্থ অগ্রিম পরিশোধ করে ওই ট্রাইব্যুনালে আপিল করেছে। বর্তমানে এর শুনানি চলছে বলে জানা গেছে।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোবাইল ফোন কোম্পানিগুলো সিম রিপ্লেসমেন্ট হিসেবে দেওয়া পরিসংখ্যান গ্রহণ করেনি এনবিআর। এনবিআরের অভিযোগ, কোম্পানিগুলো সিম রিপ্লেসমেন্ট হিসেবে দেখালেও এর সপক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিতে পারেনি। কোম্পানিগুলো সিম বিক্রিকে সিম রিপ্লেসমেন্ট হিসেবে দেখিয়ে মূলত ভ্যাট ফাঁকি দেওয়ার চেষ্টা চালিয়েছে।

নতুন সিম বিক্রির ক্ষেত্রে সরকারকে নির্দিষ্ট পরিমাণ ভ্যাট-ট্যাক্স দিতে হয়। কিন্তু সিম পরিবর্তনের ক্ষেত্রে এ ধরনের অর্থ পরিশোধ করতে হয় না। সাধারণত, গ্রাহকের সিম নষ্ট হলে, চুরি কিংবা হারানো গেলে একই নম্বরের বিপরীতে আরেকটি সিম দেওয়া হয়। এটি সিম পরিবর্তন বা রিপ্লেসমেন্ট নামে পরিচিত। অভিযোগ রয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়ার জন্যই চারটি ফোন কোম্পনি নতুন সিম বিক্রিকে সিম পরিবর্তন হিসেবে দেখিয়েছে। শুরুতে এনবিআর চারটি কোম্পানির কাছে প্রায় তিন হাজার একশ কোটি টাকা দাবি করে। তবে প্রকৃত অর্থের পরিমাণ নির্ধারণের লক্ষ্যে পরবর্তী সময়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। দীর্ঘ পর্যালোচনা শেষে কমিটির সিদ্ধান্তেও এনবিআরের শুরুতে দাবিকৃত অর্থের প্রায় সমান হয়। অবশ্য অর্থমন্ত্রীর পরামর্শ ও বিশদ পরীক্ষা-নিরীক্ষা শেষে এনবিআর চারটি কোম্পানির কাছে চূড়ান্তভাবে প্রায় আড়াই হাজার কোটি টাকার দাবিনামা জারি করে। এর মধ্যে এককভাবে গ্রামীণফোনের কাছেই এক হাজার দুশ কোটি টাকার বেশি।

হামলায় আহত আওয়ামী জনতা লীগ নেতার মৃত্যু

হামলায় আহত আওয়ামী জনতা লীগ নেতার মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত থানা আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে ফতুল্লার পাগলা ওয়াসা এলাকায় দুর্বৃত্তরা শেখ স্বাধীন মনির হোসেন ও তার স্ত্রী মেঘলা এবং মেঘলার বড় বোন পারভীন আক্তার রেখাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

মনির হোসেনের ভাগিনা আশরাফ বলেন, ময়না তদন্তের পর লাশ বাড়িতে নিয়ে যওয়া হবে। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, মনির হোসেন রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন। লোহার দরজা, জানালা তৈরির ওয়ার্কসপ ও একটি মাছের খামার রয়েছে তার।

জানা যায়, সম্প্রতি পাগলা রসুলপুর এলাকায়  ডিশ ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় লিটন ও মীর হোসেন মীরু গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় লিটনের পক্ষে মনির হোসেন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মীরুর ভাগিনার পরিচালিত শাকিল ক্যাবল টিভি নেটওয়ার্ক নামে ডিশ ব্যবসার অফিস ভাংচুর করা হয়। এতে লিটনসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মীরু বাহিনীর এক সদস্য বাদী হয়ে মনির হোসেনসহ ১০ জনের নামে মামলা দায়ের করেন।

এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে মীরু নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছে। তার অবতর্মানে ভাগিনা শাকিল বাহীনির নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

Donec sed odio dui. Duis mollis, est non commodo luctus, nisi erat porttitor ligula, eget lacinia odio. Duis mollis

© 2013 Shotter sondhane bd news 24. All rights reserved.
Designed by SpicyTricks